প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘বাংলাদেশের শ্রম বাজারে কর্মের জায়গা তৈরি হয় ৮-১০ লাখ লোকের। দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, গতানুগতিক সার্টিফিকেট নির্ভর শিক্ষা দিয়ে এখনকার শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা যায় না। সে ক্ষেত্রে চাকরির বাজারে যেটার ডিমান্ড আছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক, সিলেবাস ও কারিকুলামে মূল্যায়ন চলছে। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ পূর্বক ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ছাত্র অধিকার পরিষদ বিএম কলেজ শাখার উদ্যোগে কলেজের বাস্কেট গ্রাউন্ডে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। নুরুল হক নুর বলেন, বর্তমান সরকার ৫ বছরে এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠীকে দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চায়। সরকার বিদেশ গমনের জন্য শিক্ষার্থীদের ১০ লাখ এবং প্রবাসীদের জন্য বিনা জামানতে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএম কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক সোহাম্মদ আলী তোহা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি একেএম রাকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদ বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক কে এম মাঈনুল হক এবং সঞ্চালনা করেন ছাত্র অধিকার পরিষদ বরিশাল জেলা কমিটির সভাপতি মো. সাব্বির হোসেন সোহাগ।
বরিশাল ব্যুরো : 


















