সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের মতো প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষক-কর্মকর্তারা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় সাদা দলের শিক্ষক ও কর্মকর্তারা উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, উপাচার্যের সময়ে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও নানা ধরনের অপকর্ম সংঘটিত হয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও উপাচার্যের পদত্যাগ দাবি করেন তারা।

অবিলম্বে উপাচার্য পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এরই মধ্যে উপাচার্যের অপসারণ চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর লিখিত আবেদন পাঠানোর কথাও জানান তারা।
এরআগে উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ১১টি প্রশাসনিক পদ থেকে ৯ শিক্ষক-কর্মকর্তা পদত্যাগ করেন।
তবে শুরু থেকেই এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম।
সিলেট ব্যুরো : 


















