বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় রেহানা বেগম (৪৫) নামে এক মাদরাসা শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া এলাকায় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহানা বেগম রাকুদিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী মাওলানা নাসির উদ্দিন একই মাদরাসার সুপার। স্থানীয় ও মাদরাসা সূত্রে জানা গেছে, সকালে বরিশাল নগরীর বাসা থেকে মাহিন্দ্রাযোগে মাদরাসার উদ্দেশ্যে রওয়ানা হন রেহানা বেগম। নতুনহাট এলাকায় মাহিন্দ্রা থেকে নেমে তিনি মহাসড়ক পার হয়ে মাদরাসায় যাওয়ার সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা কোম্পানির ‘আহনাফ পরিবহন’ নামের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
রেহানা বেগমের মৃত্যুর খবর মাদরাসায় পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় এক ঘণ্টা অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ওই শিক্ষিকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বরিশাল ব্যুরো : 

















