ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের লাইন ১ ও লাইন ৫ এর বিভিন্ন অবকাঠামো নির্মাণে প্রায় ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব কাজের মধ্যে রয়েছে ভূগর্ভস্থ ও উড়ালপথ, স্টেশন, ডিপো, ট্র্যাক, বিদ্যুৎ, সংকেত ও টেলিযোগাযোগ ব্যবস্থা নির্মাণ। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মেট্রোরেলের আটটি ক্রয় প্রস্তাব বিবেচনা করা হয়। এর মধ্যে পাঁচটি প্রস্তাব অনুমোদন এবং তিনটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। অনুমোদিত প্রস্তাবের মধ্যে রয়েছে লাইন ১ এর সিপি ০২, সিপি ০৬, সিপি ০৯ ও সিপি ১০ এবং লাইন ৫ এর সিপি ০৩ প্যাকেজের পূর্তকাজ। লাইন ১ এর সিপি ০২ প্যাকেজে ডিপোর বিভিন্ন অবকাঠামো নির্মাণে ব্যয় হবে ৪ হাজার ২৮৫ কোটি ৬ লাখ ৯৩ হাজার ৫৫৮ টাকা। সিপি ০৬ প্যাকেজে নাড্ডা স্টেশনের উত্তর প্রান্ত থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত ৫ দশমিক ১৮২ কিলোমিটার ভূগর্ভস্থ পথ, দুটি সুড়ঙ্গ ও তিনটি ভূগর্ভস্থ স্টেশন নির্মাণে ব্যয় হবে ১১ হাজার ৫৯০ কোটি ৫৮ লাখ ৭ হাজার ২৯৯ টাকা। সিপি ০৯ প্যাকেজে ট্র্যাক এবং বিদ্যুৎ সরবরাহ ও বিতরণব্যবস্থা স্থাপনে ব্যয় হবে ১১ হাজার ৬৫ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ১৫০ টাকা। সিপি ১০ প্যাকেজে সংকেত, টেলিযোগাযোগ, প্ল্যাটফর্মের দরজা ও সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থা স্থাপনে ব্যয় হবে ৬ হাজার ৪৪৬ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৭১৬ টাকা। লাইন ৫ এর সিপি ০৩ প্যাকেজে হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত প্রায় ৫ দশমিক ৬ কিলোমিটার এবং নতুন বাজারের পর থেকে ভাটারা পর্যন্ত প্রায় শূন্য দশমিক ৯ কিলোমিটার, মোট ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়ালপথ ও পাঁচটি উড়াল স্টেশন নির্মাণে ব্যয় হবে ২ হাজার ৬৭০ কোটি ৯৮ লাখ ৯৭ হাজার ৮৬০ টাকা। এ ছাড়া লাইন ১ এর সিপি ০৪ ও সিপি ০৭ এবং লাইন ৫ উত্তর রুটের সিপি ০২ প্যাকেজের ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। সিপি ০৪ প্যাকেজের মূল চুক্তিমূল্য ১৮ হাজার ৩৭ কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৫৬ টাকা, সিপি ০৭ প্যাকেজের ২ হাজার ৫৩৪ কোটি ৯ লাখ ৪৩ হাজার ২৪১ টাকা এবং লাইন ৫ উত্তর রুটের সিপি ০২ প্যাকেজের ১ হাজার ৮৪৭ কোটি ৫২ লাখ ৪২ হাজার ৬৫৮ টাকা। লাইন ১ ও লাইন ৫ এর প্রথম সংশোধিত প্রকল্প গত ১৬ সেপ্টেম্বর একনেকে অনুমোদিত হয়েছে। উভয় প্রকল্পের মেয়াদ ২০১৯ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রকল্প দুটি বাস্তবায়ন করছে এবং বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা যৌথভাবে অর্থায়ন করছে।
সংবাদের শিরোনাম :
মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন
-
মধুমতি ডেস্ক : - আপডেটের সময় : ০৯:৪৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- ৩ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট










