গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নির্দিষ্ট স্থানের স্যাটেলাইট ছবি তৈরি ও সম্পাদনার নতুন একটি টুল উন্মুক্ত করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিয়েছে । টুলটি ব্যবহার করে যুদ্ধ, বোমা হামলা ও প্রাকৃতিক দুর্যোগের মতো সংবেদনশীল বিষয়ের ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রেক্ষাপটে দ্রুত এই সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। গুগলের আশঙ্কা, এই কৃত্রিম ছবিগুলো জনমনে বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়ানোর বড় হাতিয়ার হয়ে উঠতে পারে।গত ৩০ জুলাই গুগল আর্থের ওয়েব সংস্করণে ‘ন্যানো বানানা ২’ নামের এআই টুলটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এর বিশেষত্ব ছিল, ব্যবহারকারীরা কেবল লিখিত নির্দেশনার (প্রম্পট) মাধ্যমে যেকোনো স্যাটেলাইট ছবিতে নতুন বস্তু যোগ করতে পারতেন বা নির্দিষ্ট স্থানের দৃশ্য সম্পূর্ণ বদলে দিতে পারতেন।গুগলের উদ্দেশ্য ছিল, ইতিহাসের পুনর্নির্মাণ বা আগামীর পৃথিবীকে কল্পনা করার সুযোগ দেওয়া, কিন্তু বাস্তবে এর উল্টো প্রতিফলন দেখা যায়।
গবেষকের সতর্কতা ও ভুয়া ছবির জোয়ার : এআই গবেষক হেঙ্ক ভ্যান এস টুলটি পরীক্ষা করে এর ভয়াবহতা তুলে ধরেন। তিনি টুলটি ব্যবহার করে ইরানের একটি পারমাণবিক কেন্দ্র এবং গাজার একটি হাসপাতালের পাশে বোমার গর্তযুক্ত ভুয়া স্যাটেলাইট ছবি তৈরি করতে সক্ষম হন। এমনকি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে শরণার্থীদের ঢল নামার মতো কৃত্রিম দৃশ্যও তৈরি করেন তিনি।
পরে ভ্যান উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘গত দুই দশক ধরে গুগল আর্থ ভৌগোলিক তথ্যের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করছে। অথচ এমন একটি টুল যুক্ত করা হলো যা বাস্তবতাকে বিকৃত করতে পারে।’
শুধু ভ্যান নন, সাধারণ ব্যবহারকারীদের মধ্যেও এই টুলের অপব্যবহার ছড়িয়ে পড়ে। এমনকি নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার আদলে ভুয়া ছবি তৈরি করে অনলাইনে প্রচার করতে দেখা যায় অনেককে।
গুগলের পদক্ষেপ :গুগল আর্থ দীর্ঘদিন ধরে নগর-পরিকল্পনাবিদ, পরিবেশ বিজ্ঞানী ও গবেষকদের কাছে একটি আস্থার প্ল্যাটফর্ম। বিশ্বের পরিবেশগত বা অবকাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণে এটি বিশ্বজুড়ে সমাদৃত।তবে একই প্ল্যাটফর্মে ভুয়া ছবি তৈরির সুযোগ থাকলে এর গ্রহণযোগ্যতা সংকটে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গুগল জানায়, ‘মানুষ ভৌগোলিক তথ্যের জন্য গুগল আর্থের ওপর আস্থা রাখে। যদিও অনেকে এই এআই টুলটি ইতিবাচক কাজে ব্যবহারের চেষ্টা করেছেন, তবে কিছু ব্যবহারকারীর তৈরি ছবি আমাদের নীতিমালার পরিপন্থী। ফলে আরো শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই টুলের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।’
মধুমতি ডেস্ক : 


















