বাগেরহাটের ফকিরহাটে আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করা ৫৯টি চোরাই মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিশেষ প্রযুক্তির মাধ্যমে চোরাই মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে সেগুলো বাজারজাত করত একটি চক্র।
সোমবার (২৪ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটের দিকে ফকিরহাটের দুটি মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে এসব মুঠোফোন উদ্ধার করা হয়। দোকান দুটি হলো ‘রেজাউল রহমান পলাশ’ ও ‘পুষ্প টেলিকম’।
আটক ব্যক্তিরা হলেন—ফকিরহাটের পাগলা শ্যামনগর গ্রামের শেখ সিদ্দিকুর রহমানের ছেলে রেজাউর রহমান পলাশ (৩৪), বাগেরহাটের আতাইকাঠি গ্রামের আক্কেল আলী শেখের ছেলে মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম (২৬), রূপসা থানার ৮ নম্বর ওয়ার্ডের ঘাটভোগ গ্রামের চৈতন্য সাহার ছেলে চন্দন সাহা (৩০) এবং ভট্ট বালিঘাটা এলাকার মো. জাহাঙ্গীর খানের ছেলে মো. হুসাইন খান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
পুলিশ সুপার বলেন, প্রতিটি মুঠোফোনের একটি স্বতন্ত্র ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর থাকে। এই নম্বরের মাধ্যমে মোবাইল ফোন শনাক্ত করা যায়। কিন্তু চোর চক্রের সদস্যরা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে চোরাই মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে দিত।
তিনি আরও বলেন, অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে আটক করা গেলেও আরও তিনজন পালিয়ে যায়। আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মুঠোফোনগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত করে সেগুলো তাদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
মধুমতি ডেক্সঃ 


















