বাগেরহাট সদর উপজেলার নাগেরবাজার এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, চোলাই মদ ও ৫৫টি ছুরিসহ আটজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। একই সময়ে পৃথক অভিযানে ৯০ হাজার টাকার জাল নোটসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ । দুটি অভিযানে মোট ১১ জন গ্রেপ্তার হয়েছেন।
বুধবার বিকেল ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
তিনি জানান, বাগেরহাট সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ উদ্যোগে নাগেরবাজারসহ আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে এলাকার বিভিন্ন প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশির পাশাপাশি স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে কয়েকটি বসতঘরে তল্লাশি চালানো হয়।
অভিযানে মাদক ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজন পুরুষ ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫টি ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া গাঁজা, যার ওজন ২০০ গ্রাম, চার লিটার চোলাই মদ এবং অপরাধকাজে ব্যবহারের অভিযোগে ৫৫টি ছুরি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজারের পলি (৪৫)।
এদিকে জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বাগেরহাট সদর থানাধীন খান জাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন পুকুরপাড় থেকে ৯০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভুইয়া (৫৫), বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা (২৩) এবং একই এলাকার মো. শিবলু ফকির (২৪)।
পুলিশের জানায়, উদ্ধার করা জাল নোটগুলোর প্রতিটির মূল্য এক হাজার টাকা। দুটি অভিযানে উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ সুপার। #
মধুমতি ডেক্সঃ 


















