“নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কালিগঞ্জের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১০টায় নাজিমগঞ্জ হাটের মাছ বাজার চাঁদনীতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সহযোগিতায় কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা। তিনি বলেন, নাজিমগঞ্জ বাজারের সিসি রোড, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা, লাইটিং ও সিসি ক্যামেরাসহ বাজারের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও এনজিও গুলোর সহযোগিতায় প্রথম পর্যায়ে নাজিমগঞ্জ বাজারের ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং উপজেলা এলাকার অন্যান্য স্থানসহ মোট ২০টি পয়েন্টে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি পয়েন্টে একটি করে লাল ও সবুজ রঙের ডাস্টবিন থাকবে। এ ছাড়া বাজারের বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ভ্যান এবং একজন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। নাজিমগঞ্জ হাট-বাজারকে আরও পরিচ্ছন্ন ও ব্যবসায়ীবান্ধব করে গড়ে তুলতে উপজেলা প্রশাসন সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে বলেও জানান তিনি।

নাজিমগঞ্জ বাজার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক শেখ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, ইডা প্রকল্পের সমন্বয়ক মুস্তাফিজ কামান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বাজারের ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : 


















