খুলনায় পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধ না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে খুলনা বিভাগীয় ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।আজ মঙ্গলবার সকাল ৯ টায় খুলনা-যশোর মহাসড়কের পথের বাজার চেকপোস্ট এলাকায় ২ ঘণ্টাব্যাপী ট্রাংকলরী দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে এ বিক্ষোভ, প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করে ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই হুশিয়ারী দেয়। ট্যাংকলরী শ্রমিকরা ফুলতলা থানার সামনে কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে খানজাহান আলী থানার পথের বাজার এলাকায় তারা বিক্ষোভ, প্রতিবাদ ও লরীবন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জ্বালানি তেল পরিবেশক সমিতির সহ-সভাপতি শেখ মুরাদ হোসেন, খুলনা বিভাগীয় ট্রাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য মীর মোকসেদ আলী, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম প্রমুখ।
এ সময় শ্রমিক নেতারা বলেন, জ্বালানি তেল লোডের আগে টার্মিনালেই কাগজ পরীক্ষা করার কথা। রাস্তায় গাড়ি থামানো বিপজ্জনক, কারণ প্রতিটি ট্রাংকলরীতে প্রায় ৯ হাজার লিটার দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন ও ডিজেল) থাকে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। তারা অভিযোগ করেন, কাগজপত্র যাচাইয়ের অজুহাতে পুলিশ ও প্রশাসন রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদাবাজি ও হয়রানি করছে। এই হয়রানি থেকে মালিক-শ্রমিকরা মুক্তি চায়। এজন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। ##
মধুমতি প্রতিবেদক : 


















