জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত, ন্যায্য ও অর্থায়নকৃত জ্বালানি রূপান্তরসহ নবায়নযোগ্য জ্বালানির দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কালমেঘা ইউনিয়নের সোনালী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈশ্বিক কর্মসূচি ‘গ্লোবাল উইক অফ একশান’ এর অংশ হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও আসন্ন কপ৩১-এর প্রাক্কালে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় নবায়নযোগ্য জ্বালানি খাতকে শক্তিশালী করতে বিভিন্ন প্রচারাভিযান ও লিফলেট বিতরণ করা হয়। মানববন্ধনে বক্তারা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, জলবায়ু অর্থায়ন নিশ্চিত এবং সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তর বাস্তবায়নের দাবি জানান। সোনালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম খানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সোনালী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পরিবেশকর্মী মাইনুল ইসলাম, সোহাগ আকন, মিথুন মিত্র প্রমুখ। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিবেশসচেতন ব্যক্তিরা উপস্থিত থেকে বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচারের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন। সঞ্চালনা করেন জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা-ধরার পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন।
সংবাদের শিরোনাম :
পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন
-
বরগুনা প্রতিনিধি : - আপডেটের সময় : ০৭:১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- ৭ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট


















