বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ বন্ধের দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।বুধবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে ফুলবাড়ী দিবস উপলক্ষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, বরিশালের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ফুলবাড়ী আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়ন না করে আবারও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে পরিবেশ, কৃষি ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বক্তারা ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ বন্ধ, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং অপচয় ও অনিয়ম বন্ধ করে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
পরে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বরিশাল ব্যুরো : 


















