বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমেনা খানম (৬৫) বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন। তিনি ওই এলাকার দুবাইপ্রবাসী শাহেদ উদ্দিনের বাসার ভাড়াটিয়া ছিলেন। শাহেদ উদ্দিনের স্ত্রী রিনা বেগম জানান, এক বছর আগে আমেনা খানম তাদের বাসার দ্বিতীয় তলায় ভাড়া নেন এবং সেখানে একাই থাকতেন। মাঝে মধ্যে তার ছেলে ও বোনের ছেলে তাকে দেখতে আসতেন। দুদিন আগেও তার সঙ্গে দেখা হয়েছিল। বুধবার বোনের ছেলে আমেনা খানমকে খুঁজতে এসে ঘর তালাবদ্ধ দেখতে পান। পরে রাতে ওই ভাড়া বাসা থেকে গন্ধ বের হলে বিষয়টি আমেনা খানমের ছেলে রিফাতকে জানানো হয়। আমেনা খানমের ছেলে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। পরে পুলিশকে জানানো হলে বৃহস্পতিবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ। পরে পুলিশ তালা খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় খাটের ওপর আমেনা খানমের হাত-পা কাপড় দিয়ে বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পায় পুলিশ। কক্ষটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
সংবাদের শিরোনাম :
বরিশালে স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
-
বরিশাল ব্যুরো : - আপডেটের সময় : ১০:৫৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- ৭ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট









