রাজশাহীর বাঘায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার পাকুড়িয়া ও বাউসা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত হুরমুজ আলীর ছেলে লালন মিয়া (৪৫) এবং বাউসা এলাকার মুস্তাফির আল মাহমুদ ওরফে জাকির (২৫)। জাকিরের পিতা বুলবুল আহমেদ। পুলিশ সূত্রে জানা যায়, লালন মিয়া একটি মাদক মামলায় আদালত কর্তৃক এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। সাজা ঘোষণার পর দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। শনিবার অভিযান চালিয়ে নিজ এলাকা পাকুড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে, মুস্তাফির আল মাহমুদ ওরফে জাকির নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি নিয়মিত মামলার এজাহারনামীয় অন্যতম আসামি। তাকেও শনিবার বাউসা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বাঘা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, মাদকদ্রব্য, অনলাইন জুয়া, ইভটিজিং, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ 

















