বাগেরহাটের মোংলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। এনরুট ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।
বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি বলেন, বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় উপকূলীয় অঞ্চলের পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কোস্ট গার্ডের পশ্চিম জোনের বিভিন্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মসূচির আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীন বিভিন্ন এলাকায় প্রায় ৯ হাজার ৪০০টি চারা রোপণ করা হবে। এসব চারা উপকূলীয় এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা, মাটি ক্ষয় রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, মোংলা ও আশপাশের উপকূলীয় এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চলমান সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই সবুজায়নে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোংলা প্রতিনিধি 


















