রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে যৌথ বাহিনীর অভিযানে রোহিঙ্গা সন্দেহে নারীসহ নয়জনকে আটক করা হয়েছে। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন নিজেদের রোহিঙ্গা হিসেবে দাবি করেছেন এবং উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে আসার কথা স্বীকার করেছেন। এ সময় তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বুধবার সকালে ১২ জনের একটি দল স্পিডবোট রিজার্ভ করে রাঙামাটি থেকে লংগদুর উদ্দেশে রওনা হয়। পরে তারা মাইনীমুখ বাজারে এসে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় নয়জনকে আটক করা সম্ভব হলেও তিনজন সেখান থেকে চলে যেতে সক্ষম হন।
আটক নয়জনের মধ্যে পাঁচজন নিজেদের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে আসার কথা স্বীকার করেছেন। তারা নিজেদের রোহিঙ্গা বলেও দাবি করেছেন। অপর চারজন নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। তবে তাদের চলাফেরা ও পরিচয় নিয়ে সন্দেহ থাকায় নয়জনকেই লংগদু থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
লংগদু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বরজিৎ দে বলেন, “আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিরা কী উদ্দেশ্যে লংগদুতে এসেছিলেন, তাদের সঙ্গে থাকা অপর তিনজন কারা এবং তাদের পরিচয় কী—এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
আটক ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের পাশাপাশি তাদের লংগদুতে আসার উদ্দেশ্যও তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাঙ্গামাটি প্রতিনিধি 


















