কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত রোহিঙ্গা সংকটের ১০বছর উপলক্ষে কোস্ট ফাউন্ডেশন ও সিসিএনএফের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে ১২ লাখেরও বেশি রোহিঙ্গার আগমনের পর নয় বছর অতিবাহিত হয়েছে। দীর্ঘ এই সময়েও সংকটের কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে নয় বছর পরও বাংলাদেশকে রোহিঙ্গা সংকটের বাড়তি চাপ বহন করতে হচ্ছে, যা দিন দিন অসহনীয় হয়ে উঠছে।
বক্তারা বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক তহবিলও উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। একই সঙ্গে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জন্য ২৫ শতাংশ বরাদ্দ দেওয়ার কথা থাকলেও তা কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এতে আন্তর্জাতিক এনজিওগুলোর রোহিঙ্গাদের সরাসরি সেবা দেওয়ার সক্ষমতা সীমিত হয়ে পড়ছে এবং সামগ্রিক সহায়তার পরিমাণও কমে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তারা রোহিঙ্গাদের নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ও নিরাপদভাবে তাদের মিয়ানমারে প্রত্যাবাসনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও সিসিএনএফের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালি, এমইউপি হেলাল উদ্দিনসহ সিসিএনএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ##
কক্সবাজার প্রতিনিধি : 


















