বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি সংকটের মধ্যে সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করতে গিয়ে বিরোধী দলের কিছু গাড়ি টোল পরিশোধ করেনি। মঙ্গলবার ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জ্বালানি সংকটের সময় সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করতে গেছে বিরোধী দল। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বুঝেও জনমনে ধোঁয়াশা সৃষ্টি করতেই তারা এ কর্মসূচি করছে। এমনকি যাওয়ার পথে কিছু গাড়ির টোলও তারা দেয়নি।
জ্বালানি তেলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়েই দেশে বেশিরভাগ তেল আসে। মূল্য সমন্বয়ের পরও সরকারকে ৭০ টাকা ভর্তুকি দিতে হবে। অথচ তারা (বিরোধী দল) জনগণকে বিভ্রান্তকর তথ্য দিচ্ছে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর কাফেরের চেয়েও মোনাফেকি খারাপ। জনগণের সঙ্গে বারবার আপনারা যে প্রতারণা করেছেন তাতে চূড়ান্ত সফলতা আসেনি। বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, অপপ্রচারের ঘেরাটোপের মধ্যে ন্যায়সংগত সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে।
মধুমতি ডেস্ক : 









