বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের একটি বিলে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫২) ও মানিক বাছাড় (৩৮)।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে দুই ভাই বাড়ি থেকে বের হয়ে গ্রামের বিলের মধ্যে ধানখেতে কাজ করতে যান। সকাল থেকেই ওই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ও আবহাওয়া খারাপ ছিল। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
নিহতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় বলেন, সকালে তার দুই কাকা একসঙ্গে মাঠে কাজ করতে যান। সকাল থেকেই আবহাওয়া খারাপ থাকলেও তারা কাজ করতে মাঠে ছিলেন। পরে বজ্রপাতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের দুজনকে মৃত অবস্থায় দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও চার সন্তান রয়েছে। অপর ভাই মানিক বাছাড়ের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, মাঠে কাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মোড়েলগঞ্জ প্রতিনিধি।। 

















