বাগেরহাটে প্রেসক্লাবের সাবেক সভাপতি , এশিয়ান টেলিভিশন ও ভোরের আকাশ জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামানের ছেলে রবিউজ্জামান সিফাতকে (২৩) কৌশলে ইজিবাইকে তুলে নিয়ে অচেতন করে অপহরণের চেষ্টা এবং ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি অপহরনের ১৩ ঘন্টা পর মোল্লাহাট থেকে উদ্ধার। এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন সিফাতের বাবা মোঃ কামরুজ্জামান ।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাগেরহাট শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন রবিউজ্জামান সিফাত। এ সময় ইজিবাইকে থাকা চার ব্যক্তি একটি মোবাইল নম্বর লেখা কাগজ দিয়ে তাকে নম্বরটি তুলে দিতে বলেন। বিষয়টি বুঝতে না পেরে সিফাত নম্বরটি তুলতে গেলে তাকে কৌশলে ইজিবাইকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ইজিবাইকে তোলার পর সিফাতকে মারধর করা হয়। একপর্যায়ে তার ঘাড়ে ইনজেকশন দেওয়া হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে গভীর রাতে জ্ঞান ফিরলে তাকে পরিবারের সদস্যদের ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠাতে বলা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে আবারও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এবিষয়ে সিফাতের বাবা মো. কামরুজ্জামান বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে সিফাত কৌশলে ওই স্থান থেকে বের হয়ে মোল্লাহাটের মাদ্রাসা ঘাট এলাকায় একটি বাস কাউন্টারে গিয়ে পরিবারের সদস্যদের ফোন করেন। খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন কামরুজ্জামান। পরে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন কামরুজ্জামান।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #
স্টাফ রিপোটার।। 

















