২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষণগণনা শুরু হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে খসড়া নীতিমালা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।খসড়া নীতিমালা অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।
যারা খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন, তাদের ফল পরিবর্তিত হলে তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর আবেদনের সুযোগ পাবেন। ১৬ সেপ্টেম্বর প্রথম দফার ফল প্রকাশ করা হবে এবং ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে। চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষে ২৩ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
বরাবরের মতো এবারও কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল এসএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, গত বছরের নীতিমালা প্রায় একই থাকছে, তবে বিএনসিসি ফি ৬ টাকার পরিবর্তে ১০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও ভর্তির পুরো প্রক্রিয়ায় শিক্ষার্থীদের জন্য মাইগ্রেশনের সুযোগ রাখা হয়েছে বলেও জানান তিনি।
মধুমতি ডেস্ক : 


















