গাজীপুরের শ্রীপুরে সুতিয়া নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে রাব্বি ও মুত্তাসীন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরের দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা-বেলদিয়া এলাকায় ওই নদীতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, বেলদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাব্বী (১২) ও একই গ্রামের রুহুল আমিনের ছেলে মুত্তাসীন (১৩)।তাদের মধ্যে,রাব্বি বাপ্তা-বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণী ও মুত্তাসীন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে নিহতের চাচা আবুল কালাম বলেন,’বুধবার বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর অনুষ্ঠান শেষে রাব্বী ও মুত্তাসীন কয়েকজন বন্ধুর সঙ্গে ওই স্কুল মাঠে ফুটবল খেলে। খেলার একপর্যায়ে ফুটবল সুতিয়া নদীতে পড়ে যায়। এসময় নদী থেকে বল আনতে মুত্তাসীন পানিতে নামে। একপর্যায়ে সে তলিয়ে যেতে থাকলে রাব্বি এগিয়ে যায়। এসময় সেও পানিতে তলিয়ে যায়। ওই মুহূর্তে তাদের সাথে থাকা অন্য শিশুরা চিৎকার করলে স্বজন ও স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে তদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহিদুল ইসলাম বলেন,’ দুপুর ১.৩০ মিনিটের দিকে মৃত অবস্থায় ওই ২ শিশুকে হাসপাতালে আনা হয়। আমরা পুলিশকে অবগত করেছি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন,’ খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। নদীতে নেমে ওই ২ শিশু ডুবে মারা যায়। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: 


















