খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিভেলপমেন্ট স্টাডিজ (ডিএস) ডিসিপ্লিনের উদ্যোগে পরিমার্জিত পাঠ্যক্রমের ওপর ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অফিসের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, কারিকুলাম পরিমার্জন একটি নিয়মিত প্রক্রিয়া। অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য বিএনকিউএফের গাইডলাইন অনুসরণ করে কারিকুলাম প্রণয়ন করতে হবে। কারিকুলামে নতুন কিছু সংযোজন করলেই হবে না, সেগুলোর যথাযথ বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। পাশাপাশি টেকসই উন্নয়নে অবদান রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে এসডিজির সঙ্গে সামঞ্জস্য রেখে কারিকুলাম প্রণয়ন করতে হবে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে মিডটার্ম পরীক্ষা চালুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় কারিকুলাম পরিমার্জনের বিভিন্ন দিক নিয়েও পর্যবেক্ষণ ও পরামর্শ প্রদান করেন।
ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রধান ড. মোঃ হাসান হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ নুরুজ্জামান হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আসিফ মোহাম্মদ শাহান। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক তাসনুভা ইয়াসমিন।
কর্মশালায় ডিসিপ্লিনের পরিমার্জিত পাঠ্যক্রমের বিভিন্ন দিক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক মোঃ জোবায়ের হোসাইন। তাঁর উপস্থাপনার ভিত্তিতে পাঠ্যক্রমের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরে রিসোর্স পারসনরা পাঠ্যক্রমের বিভিন্ন বিষয়ে তাঁদের পর্যবেক্ষণ তুলে ধরেন এবং প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে মতামত দেন। উন্মুক্ত আলোচনা পর্বে ডিসিপ্লিনের অ্যালামনাই ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানদণ্ডে পাঠ্যক্রম উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফারহানা হক ও প্রভাষক আব্দুল ইলাহ্ আল-মাহ্দী। কর্মশালায় সামাজিক বিজ্ঞান স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালক, ডিএস ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।
সংবাদের শিরোনাম :
খুবির ডিএস ডিসিপ্লিনে পরিমার্জিত পাঠ্যক্রমের ওপর ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত
-
মধুমতি প্রতিবেদক : - আপডেটের সময় : ০৭:০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- ০ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট














