বাড়ির উঠানের পাশের মাটির নিচে বস্তাবন্দি করে রাখা হয়েছিল ইয়াবার বিশাল চালান। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এমনই এক অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-১৫।এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৫ জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জালিয়াছড়ি এলাকায় জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির উঠানের পাশে মাটির নিচে তল্লাশি চালিয়ে বিশেষভাবে বস্তাবন্দি ১০টি বান্ডেল ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডেলে ছিল ১০ হাজার করে ইয়াবা। এ ছাড়া একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে মাদক সংগ্রহ করে বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব-১৫।
কক্সবাজার প্রতিনিধি : 























