খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘স্কিল-বেইজড পারফরম্যান্স অ্যাসেসমেন্ট ফর নন-একাডেমিক অফিসার এন্ড স্টাফ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪ নভেম্বর (বুধবার) দুপুর ২টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোঃ আসলাম হোসেন। এ সময় তিনি বলেন, দক্ষতাভিত্তিক এই মূল্যায়ন ব্যবস্থা একটি অত্যন্ত আধুনিক ও সময়োপযোগী পদ্ধতি, যা উপাচার্যের যোগ্য নেতৃত্বের ইতিবাচক বহিঃপ্রকাশ। কর্মকর্তা-কর্মচারীরাও এই নতুন পদ্ধতিকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন-এটি একটি অত্যন্ত প্রশংসনীয় দিক। এই উদ্যোগের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতার উন্নয়ন ঘটবে এবং দাপ্তরিক কাজে দক্ষ জনবল তৈরি হবে। এ সময় তিনি দক্ষ জনশক্তি তৈরিতে তৃতীয় ভাষা শিক্ষার বিষয়ে বর্তমান সরকারের বিশেষ গুরুত্বারোপের বিষয়টিও তুলে ধরেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের আপগ্রেডেশনের জন্য এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিনিয়ত দাপ্তরিক কাজের ধরন পরিবর্তন হচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে। তাই আধুনিক এই ব্যবস্থার সাথে সবাইকে খাপ খাইয়ে নিতে হবে। তিনি আরও বলেন, কাঙ্ক্ষিত কর্মদক্ষতাই আপগ্রেডেশন প্রাপ্তির মূলনীতি হওয়া উচিত। প্রত্যেককে নিজ নিজ পদের মূল কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে এবং প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনুর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান।
বক্তারা বলেন, দাপ্তরিক কাজের ক্ষেত্রে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কর্মকর্তা-কর্মচারীদের যোগ্য ও আধুনিক কর্মপরিবেশের উপযোগী করে গড়ে তোলাই এর মূল লক্ষ্য। নিজস্ব কর্মদক্ষতার প্রমাণ দিয়েই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি বা আপগ্রেডেশন অর্জন করতে হবে বলেও তারা মন্তব্য করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানের পর কর্মশালায় দক্ষতাভিত্তিক মূল্যায়নের কাঠামো, সূচক নির্ধারণ, মূল্যায়ন পদ্ধতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
সংবাদের শিরোনাম :
খুবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন বিষয়ক কর্মশালা :
পেশাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে নতুন মূল্যায়ন পদ্ধতি : ইউজিসি সদস্য
-
মধুমতি প্রতিবেদক : - আপডেটের সময় : ০৭:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- ১ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট














