খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘লাইব্রেরি অ্যান্ড ইনোভেশন এক্সিবিশন’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ের জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি নতুন কিছু চিন্তা ও উদ্ভাবনে উৎসাহিত করে। তিনি শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের একাডেমিক ও উদ্ভাবনী কার্যক্রম আরও সমৃদ্ধ করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং বিষয়ভিত্তিক জ্ঞান উপস্থাপনার প্রশংসা করেন এবং সনদপত্র প্রদান করেন।
প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান। এ সময় আইএসএলএম বিভাগের সভাপতি ফারজানা শারমিন আনিকা এবং প্রভাষক আহসান উল্লাহ উপস্থিত ছিলেন। বিভাগের কোর্স ইন্সট্রাক্টর ও প্রকল্প তত্ত্বাবধায়ক হিসেবে প্রভাষক মো. নাজিম শিক্ষার্থীদের প্রকল্প প্রণয়ন ও উপস্থাপনায় সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। এ প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা লাইব্রেরির প্রচলিত ধারনার বাইরে এর বহুমাত্রিক ভূমিকা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সৃজনশীল ও উদ্ভাবনী উপায়ে তুলে ধরেন। শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও ব্যবহারিক দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মধুমতি প্রতিবেদক : 

















