খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরে রাজনৈতিক বিতর্ক ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে সভাপতি মোস্তফা সরোয়ারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেনকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, নির্বাচিত হওয়ার পর সংগঠনের অভ্যন্তরে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা এবং বিভিন্ন কর্মকাণ্ডে সংগঠনকে বিতর্কিত করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে মোস্তফা সরোয়ারকে ঘিরে খুলনার সাংবাদিক, নাগরিক সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগকারীদের দাবি, ডুমুরিয়াসহ খুলনার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের পুনর্বাসনের তৎপরতায় তাঁর সংশ্লিষ্টতা রয়েছে। এমনকি জেলার বিভিন্ন থানা এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ইন্ধন ও অর্থায়নের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি কয়েকটি সন্ত্রাসী চক্রের সঙ্গে তাঁর যোগাযোগ থাকার দাবিও তুলেছেন অনেকে। তবে এসব অভিযোগের বিষয়ে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত চলছে বলে জানা গেছে।
অন্যদিকে, খুলনার কয়েকটি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অভিযোগ করেছেন যে মোস্তফা সরোয়ারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর যথাযথ তদন্তের বদলে তাঁকে আড়াল করার চেষ্টা চলছে এবং এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কিছু সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
সংশ্লিষ্ট মহলের দাবি, প্রেসক্লাবের মতো একটি পেশাজীবী সংগঠনকে বিতর্ক ও রাজনৈতিক পুনর্বাসনের অভিযোগ থেকে মুক্ত রাখতে হবে এবং মোস্তফা সরোয়ারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মোস্তফা সরোয়ার।
মধুমতি প্রতিবেদক : 


















