পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষা করতে বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ না করলে দুর্বল মনে করে মানুষ। গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সমাজে মাদককে প্রতিষ্ঠিত করা হয়েছে। যার প্রভাব খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতেও পড়েছে। তবে সামগ্রিক পরিস্থিতি নিরসনে কাজ করছে পুলিশ। আজ শনিবার (২৪অক্টোবর) দুপুরে খুলনার বয়রা মেট্রোপলিটন পুলিশ লাইনে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এই কাঠামোর আওতায় কমিউনিটি পুলিশিং বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি শাখা হিসেবে কাজ করবে।
আইজিপি বলেন, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী যৌথ অভিযান চলছে। পাশাপাশি চাঁদাবাজির অভিযোগে জনগণের অভিযোগ ছাড়াই পুলিশের স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার ক্ষমতা দিতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিং প্রতিনিধি, সুধীবৃন্দ এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মধুমতি প্রতিবেদক : 


















