আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের সুবিধাজনক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে যাত্রীচাপ সামাল দিতে পাঁচটি ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে। রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা স্পেশাল ৩ আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলাচল করবে। ট্যুরিস্ট স্পেশাল ১ ও ২ আগামী ২০, ২৩ ও ২৪ অক্টোবর ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা রুটে চলাচল করবে। এ ছাড়া চট্টগ্রাম স্পেশাল ৪ আগামী ২৪ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলাচল করবে। যাত্রীচাপ সামাল দিতে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে। পূজা উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রেনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইঞ্জিনের সরবরাহ নিশ্চিত করা হবে। ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ সব প্রধান স্টেশনে জিআরপি ও আরএনবির সহযোগিতায় সার্বক্ষণিক পাহারা জোরদার করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর বিচারিক দায়িত্ব নিশ্চিত করা হবে। সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, সংশ্লিষ্ট সচিব ও দপ্তরপ্রধান, ঢাকা ও গাজীপুর মহানগর পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদের শিরোনাম :
দুর্গাপূজায় চলবে তিন বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের ছুটি প্রত্যাহার
-
মধুমতি ডেস্ক : - আপডেটের সময় : ০৩:৩৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- ১ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট


















