নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর এক্সপ্রেস ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা। টানা ৫ ঘণ্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা দুই মাসের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ রেলস্টেশন চত্বরে এ মানববন্ধন ও অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে স্থানীয় প্রায় দুই হাজার মানুষ অংশ নেন।
রেলপথ অবরোধের কারণে চিলাহাটি থেকে খুলনাগামী ‘রকেট মেইল’ ট্রেনটি চিলাহাটিতেই আটকে থাকে। এছাড়া খুলনা থেকে ছেড়ে আসা ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটিকে ডোমার স্টেশনে থামিয়ে রাখা হয়। বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে মির্জাগঞ্জ রেলস্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর যাত্রাবিরতি না থাকায় স্থানীয়দের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি ১ নম্বর প্ল্যাটফর্মটি চালু না থাকায় যাত্রীসেবায় নানা বিঘ্ন ঘটছে। তাই এসব দাবির দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
ঘটনার খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসানের নেতৃত্বে রেল কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে আলোচনা করেন। তারা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে আন্দোলনকারীরা আগামী দুই মাসের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন। এ সময় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডোমার থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন। অবরোধ প্রত্যাহারের পর দুপুরের দিকে আটকে থাকা ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় এবং রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
সংবাদের শিরোনাম :
নীলফামারীর মির্জাগঞ্জে এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবীতে রেল অবরোধ ৫ঘন্টা পরে প্রত্যাহার, ট্রেন চলাচল স্বাভাবিক
-
নীলফামারী প্রতিনিধি : - আপডেটের সময় : ০৯:৪৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- ০ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট



















