শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে মেধা ও যোগ্যতাকে দেশ এবং মানুষের কল্যাণে নিবেদিত করার আহ্বান জানিয়েছেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত। তিনি বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার কোনো বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ৩ অক্টোবর শনিবার গভ. ল্যাবরেটরি হাই স্কুল শিক্ষা পরিবারের উদ্যোগে আয়োজিত প্রাথমিক ও জুনিয়র বৃত্তি এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সাফল্যের রূপকার হিসেবে শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয় ও পরিবারের যৌথ ভূমিকা অপরিহার্য। তাই প্রাতিষ্ঠানিক জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও সততার চর্চা অব্যাহত রাখার ওপর তিনি বিশেষ জোর দেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক মোঃ কামরুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, খুলনা জোনের সহকারী প্রকৌশলী ইসরান সরদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক এস. এম. জহরুল ইসলাম।
সহকারী শিক্ষক জুবায়ের আলমের সঞ্চালনা এবং জ্যেষ্ঠ শিক্ষক এস. এম. সাইফুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সংবর্ধনায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদের শিরোনাম :
গভ. ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত :
মেধা ও মূল্যবোধের সমন্বয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান খুলনার জেলা প্রশাসকের
-
শিরোমনি আঞ্চলিক প্রতিনিধিঃ - আপডেটের সময় : ১০:৫৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- ৫ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট



















